বিনোদন ডেস্কঃ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে রাজকীয় প্রত্যাবর্তনের পর এবার বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’-এর প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে এবারের সাক্ষাৎকারটি কেবল রাজনৈতিক মারপ্যাঁচ নয়, বরং আলো ফেলেছে তার ব্যক্তিগত রুচি, নিঃসঙ্গ প্রবাস জীবন আর হলিউড প্রেমের ওপর।
সাক্ষাৎকারে তারেক রহমান তার প্রিয় সিনেমার কথা বলতে গিয়ে জানান ১৯৯৭ সালের ব্লকবাস্টার হলিউড থ্রিলার ‘এয়ার ফোর্স ওয়ান’-এর কথা। হ্যারিসন ফোর্ড অভিনীত এই ছবিটি তিনি কতবার দেখেছেন জানেন? তারেক রহমানের নিজের ভাষায়—
“আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি!”
সন্ত্রাসীদের কবল থেকে নিজের বিমান, পরিবার ও রাষ্ট্রকে রক্ষা করতে মার্কিন প্রেসিডেন্টের একক লড়াইয়ের এই গল্পটি যে তার বেশ পছন্দের, তা এখন নেটিজেনদের আলোচনার খোরাক।
লন্ডনের পার্কে সেই নিঃসঙ্গ পথচারী
টাইম ম্যাগাজিন তারেক রহমানকে ‘বাংলাদেশ’স প্রডিগাল সন’ বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে আখ্যায়িত করেছে। প্রতিবেদনে বলা হয়, লন্ডনের নির্বাসিত জীবনে তার প্রিয় সময় কাটত রিচমন্ড পার্কে একাকী হেঁটে আর ইতিহাসের বই পড়ে। তাকে একজন ‘শান্তস্বভাব ও অন্তর্মুখী’ মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যিনি কথা বলার চেয়ে শুনতে বেশি পছন্দ করেন।
সাক্ষাৎকারে উঠে এসেছে তার সাম্প্রতিক শোকের কথা। দেশে ফেরার মাত্র ৫ দিনের মাথায় মা বেগম খালেদা জিয়ার মৃত্যু তাকে মানসিকভাবে স্তব্ধ করে দিলেও কর্তব্যে অবিচল তিনি। তারেক রহমান বলেন, “যখন দায়িত্ব আসে, তখন তা পালন করতে হয়।” শারীরিক দুর্বলতা ও কণ্ঠে ভাঙা সুর থাকলেও দেশের মানুষের আস্থাই তাকে সামনে এগিয়ে নিচ্ছে বলে তিনি জানান।

