বিনোদন প্রতিবেদকঃ স্পষ্টভাষী হিসেবে শোবিজ অঙ্গনে আলাদা পরিচিতি রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে আয়োজিত গণভোট নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ন্যান্সি জানিয়েছেন, তিনি এই গণভোটে ‘না’ ভোটের পক্ষে।
গতকাল মঙ্গলবার রাতে ন্যান্সি তাঁর ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডলে গণভোট নিয়ে নিজের ভাবনার কথা শেয়ার করেন। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, জাতীয় সনদ অনুমোদনের এই প্রক্রিয়ায় তাঁর ভোটটি হবে ‘না’ বাক্সে। ন্যান্সির এই পোস্টের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তাঁর এই রাজনৈতিক সচেতনতাকে সাধুবাদ জানিয়েছেন, আবার অনেকেই ভিন্নমত পোষণ করেছেন। তবে চিরাচরিত অভ্যাসে এসব মন্তব্যের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন এই গায়িকা।
উল্লেখ্য, ন্যান্সি দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনৈতিক আদর্শের সাথে যুক্ত। বিগত বছরগুলোতে এই রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। বহু কনসার্ট এবং টিভি অনুষ্ঠান থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে, মুখোমুখি হতে হয়েছে নানা প্রতিবন্ধকতার। তবে কোনো কিছুতেই পিছু হটেননি তিনি।
সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে বিএনপির হয়ে ব্যাপক প্রচারণা চালাতে দেখা গেছে ন্যান্সিকে। শুধু পোস্ট বা স্ট্যাটাস নয়, দলটিকে নিয়ে তৈরি একাধিক গানেও তিনি কণ্ঠ দিয়েছেন এবং ভিডিওতে পারফর্ম করেছেন। নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উজ্জীবিত করতে তাঁর এই ভূমিকা বেশ আলোচনার জন্ম দিয়েছে।
আগামীকাল সারাদেশে একযোগে ২৯৯টি আসনে সংসদ নির্বাচন এবং একই সাথে জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। যেখানে অনেক তারকাই নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন রাখতে পছন্দ করেন, সেখানে ন্যান্সির এমন সরাসরি ‘না’ ভোটের ঘোষণা রাজনৈতিক মহলেও বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

