বাংলাদেশ প্রতিবেদকঃ আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ইতিহাসে এক অনন্য সাধারণ দিন। প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। এই নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে এক বিশেষ ব্রিফিং আয়োজন করা হয়। সেখানে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ঘোষণা করেছেন যে, ভোটের পরদিন অর্থাৎ শুক্রবার সকালের মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।
ইসি সানাউল্লাহ জানান, কমিশন দ্রুততম সময়ে নির্বাচনের ফলাফল জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, “আমরা আধুনিক প্রযুক্তি ও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কাজ করছি। আশা করছি, শুক্রবার সকালের মধ্যেই দেশের অধিকাংশ সংসদীয় আসনের বেসরকারি ফলাফল আমরা জানিয়ে দিতে পারব।” নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা এবার অত্যন্ত খোলামেলা। স্বচ্ছতা বজায় রাখতে পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশের পূর্ণ সুযোগ রাখা হয়েছে যাতে প্রতিটি পদক্ষেপ জাতির সামনে পরিষ্কার থাকে।”
এবারের নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার। প্রধান উপদেষ্টার বিশেষ আগ্রহ ও নির্দেশনায় চালু হওয়া পোস্টাল ব্যালট পদ্ধতি নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, “এটি আমাদের জন্য একদম নতুন একটি অভিজ্ঞতা। প্রবাসী বাংলাদেশিরা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
একই ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তার দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সম্পূর্ণ প্রস্তুত। এবারের নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং প্রতিটি ধাপে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

