বিনোদন ডেস্কঃ ঢালিউড ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের ঘর ভাঙার খবর পাওয়া গেছে। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে স্বামী, নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছিন্নের পথে হাঁটলেন এই অভিনেত্রী। মূলত রানার পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এই সংসারের ইতি ঘটেছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা চললেও সম্প্রতি মুখ খুলেছেন স্বয়ং মৌসুমী হামিদ। তিনি অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে গণমাধ্যমকে বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।”
তার এই সংক্ষিপ্ত অথচ স্পষ্ট বক্তব্য নিশ্চিত করে যে, রানা ও মৌসুমীর মধ্যকার সম্পর্কের সুতো ছিঁড়ে গেছে।
শোবিজ পাড়ায় গত কয়েকমাস ধরেই আবু সাইয়িদ রানার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। জানা গেছে, গত বছরের নভেম্বর মাস থেকেই এই তারকা দম্পতি আলাদা থাকছেন। পরকীয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সংসারে চরম অশান্তির সূত্রপাত হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
পারিবারিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর সম্পর্কের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছায় যে, তারা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রানার পরকীয়া মেনে নিতে না পেরে মৌসুমী হামিদ নিজেই ডিভোর্স লেটার পাঠান।
২০২৪ সালের ১২ জানুয়ারি দুই পরিবারের সম্মতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রানা ও মৌসুমী। বিয়ের সময় মৌসুমী জানিয়েছিলেন, দুই বছরের পরিচয় ও বন্ধুত্ব থেকেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের সংসার মাত্র দুই বছরের মাথায় এসে মুখ থুবড়ে পড়ল।
বর্তমানে এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনের এই কঠিন সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এবং কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনা করছেন।

