বিনোদন ডেস্ক: স্পেনের কাছে ফাইনালে মেসিদের স্বপ্নভঙ্গের পর শুধু ফুটবলপ্রেমীরাই নন, চরম হতাশায় বুঁদ ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিও! তবে তাঁর এই হতাশার পেছনে ফুটবলপ্রেমের পাশাপাশি জড়িয়ে ছিল এক অদ্ভুত ও মজাদার শর্ত। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি নাকি আবারও বিয়ের পিঁড়িতে বসবেন—এমনই এক রোমাঞ্চকর ‘বিয়ে-শর্ত’ দিয়েছিলেন এই নায়িকা। কিন্তু ফাইনালে মেটলাইফ স্টেডিয়ামে স্প্যানিশদের কাছে আর্জেন্টিনা ১–০ ব্যবধানে হেরে যেতেই ভেস্তে গেল তাঁর সেই পরিকল্পনা!
আজ সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক আবেগঘন ও কৌতুকপূর্ণ পোস্টে পরীমণি লেখেন “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।”
ম্যাচ শেষ হতেই ফেসবুকে এই পোস্টটি রীতিমতো ভাইরালে রূপ নিয়েছে। ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে নানা রসবোধপূর্ণ মন্তব্যে মেতে উঠেছেন।
গল্পের শুরু আটলান্টায় অনুষ্ঠিত আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের শ্বাসরুদ্ধকর হাইভোল্টেজ সেমিফাইনালের রাতে। খেলা চলাকালীন সময়ে উত্তেজনায় মুখর হয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। স্ট্যাটাসে একাধিক হাসির ইমোজি জুড়ে দিয়ে তিনি লিখেছিলেন “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।”
মুহূর্তের মধ্যেই সেই পোস্ট পুরো সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। পরীমণির অনুরাগীদের অনেকেই কৌতূহল নিয়ে অপেক্ষা করছিলেন—মেসিরা ট্রফি উঁচিয়ে ধরলে এবার কার গলায় বরমালা দেবেন পরী!
তবে স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তোরেসের ১০৬ মিনিটের সেই রকেট শট যেন এক লহমায় বদলে দিল সব দৃশ্যপট। একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হাতছাড়া হলো আর্জেন্টিনার, আর অন্যদিকে থমকে গেল পরীমণির ‘পুনর্বিবাহের’ চর্চা। ফুটবলীয় দুঃখেও এমন রসাত্মক কায়দায় প্রতিক্রিয়া জানিয়ে আবার নেটিজেনদের মন জয় করে নিলেন ঢালিউডের এই গ্ল্যামার কুইন।

