“ডাক্তার যাবে রোগীর দুয়ারে”: স্বাস্থ্য খাতে সিন্ডিকেটমুক্ত নতুন যুগের ঘোষণা মন্ত্রীর

0
:** "ডাক্তার যাবে রোগীর দুয়ারে": স্বাস্থ্য খাতে সিন্ডিকেটমুক্ত নতুন যুগের ঘোষণা মন্ত্রীর

নরসিংদী প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য খাতকে ঘিরে এক বৈপ্লবিক পরিবর্তনের রূপরেখা ঘোষণা করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত একটি আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাসভবনে প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, “মানুষকে আর ডাক্তারের পেছনে ছুটতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের পেছনে ছুটবে।”তিনি আরও যোগ করেন, চিকিৎসা সেবাকে সহজলভ্য এবং সর্বজনীন করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াকেই এই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক দর্শনের ঊর্ধ্বে উঠে সেবার মানসিকতা পোষণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “যারা আমাদের ভোট দিয়েছেন এবং যারা দেননি—উভয় পক্ষের প্রতিই আমাদের সমান দায়বদ্ধতা রয়েছে।” তিনি সকল প্রকার প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দেন: নরসিংদীতে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলার স্বাস্থ্যসেবা উন্নত করতে দ্রুততম সময়ে দুটি আইসিইউ ইউনিট চালুর ইচ্ছা পোষণ করেছেন তিনি। নরসিংদীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ যেসব স্বাস্থ্যকেন্দ্র এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি, সেগুলো দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনিক নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে সকালে নিজ এলাকায় পৌঁছালে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।