কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে হঠাৎ করেই ডায়রিয়া ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে|
ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৃষ্টি হয়েছে চরম ভিড় ও সেবাদানে চাপ| ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকায় হাসপাতালের বেড ছাড়াও বারান্দা ও মেঝেতে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে| সরেজমিনে গিয়ে দেখা যায়, ৫০ শয্যা বিশিষ্ট কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে রোগীর সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে| ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেক রোগীকে মেঝেতে শুয়ে থাকতে হচ্ছে| কেউ কেউ আবার বারান্দায় অস্থায়ীভাবে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন| শিশু, নারী ও বয়স্ক রোগীদের ভিড়ে হাসপাতালের পরিবেশ হয়ে উঠেছে মানবেতর| হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে ডায়রিয়া ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়| ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছেন অন্তত ১৮ জন, জ্বরে আক্রান্ত ৭ জন এবং শ্বাসকষ্টে ভুগছেন অন্তত ১ জন রোগী|
এছাড়া বহির্বিভাগ ও অন্যান্য ওয়ার্ড মিলিয়ে মোট রোগীর সংখ্যা একশোরও বেশি| অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ| বিশেষ করে নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে| হাসপাতালের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার আমেনা খাতুন জানান, ৫০ শয্যার বিপরীতে সীমিত সংখ্যক সেবিকা দিয়ে সেবা দিতে হচ্ছে| এতে করে চিকিৎসা কার্যক্রম চালাতে বেশ বেগ পেতে হচ্ছে| রোগীদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে এসে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন| অনেকেই জানান, বেড তো দূরের কথা, মেঝেতেও জায়গা পাওয়া যাচ্ছে না| শিশু ও বৃদ্ধ রোগীদের নিয়ে বারান্দায় অবস্থান করতে হচ্ছে| দীর্ঘসময় অপেক্ষা ও অস্বস্তিকর পরিবেশে থাকতে গিয়ে অনেক স্বজন নিজেরাও অসুস্থ হয়ে পড়ছেন|
একজন রোগীর অভিভাবক বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি| ভেতরে জায়গা না পেয়ে বাইরে বসে থাকতে হচ্ছে| এমন পরিস্থিতিতে চিকিৎসা নেওয়া খুবই কষ্টকর| এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বলেন, ‘গত কয়েকদিন ধরে ডায়রিয়া ও জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে| বর্তমানে বেডের তুলনায় রোগী অনেক বেশি| তাই বাধ্য হয়ে মেঝেতেও রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে| তবে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়নি| তিনি আরও জানান, জনবল সংকট বিশেষ করে নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর অভাব পরিস্থিতিকে কঠিন করে তুলেছে|
অতিরিক্ত রোগীর চাপের কারণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে| তারপরও সর্বোচ্চ চেষ্টা করে রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি| স্থানীয়দের মতে, মৌসুমি পরিবর্তন, বিশুদ্ধ পানির অভাব এবং স্বাস্থ্য সচেতনতার ঘাটতির কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়ে থাকতে পারে| এ অবস্থায় দ্রুত
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা| বর্তমান পরিস্থিতিতে হাসপাতালের সেবা স্বাভাবিক রাখতে অতিরিক্ত জনবল নিয়োগ, বেড সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সচেতন মহল|

