পটুয়াখালীর হরিদেবপুরে ৫শ’ রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

0
পটুয়াখালীর হরিদেবপুরে ৫শ' রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা

পটুয়াখালী প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার হরিদেবপুরে অসহায়, দুস্থ ও হতদরিদ্র ছানি রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অস্ত্রোপচারের উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড। মঙ্গলবার আয়োজিত এ সেবামূলক কার্যক্রমে প্রায় ৫০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। তাদের মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে কয়েক বছর ধরে কাজ করছে মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির উদ্যোগে এলাকায় একটি মসজিদ, দাতব্য চিকিৎসালয় ও একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ ও খাবারও দেওয়া হচ্ছে।

এছাড়া দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন অর্ধশতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। ফাউন্ডেশনের উদ্যোগে বছরে দুবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণের পাশাপাশি ছানি অস্ত্রোপচারেরও ব্যবস্থা করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালীর সহযোগিতায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা দেওয়া হয় এবং শতাধিক রোগীকে ছানি অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।

চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. সাঈয়েদ আনোয়ারুল হাফিজ বলেন, অর্থাভাবে যারা চোখের চিকিৎসা ও ছানি অস্ত্রোপচার করাতে পারেন না, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।