তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গেছে সেনা ছাউনি, ২৩ সেনা সদস্য নিখোঁজ

0
ছবি; সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিকিমের চুংথামে লোনার লেকের প্রাচীর ভেঙে পানি ঢুকে পড়েছে গ্রামে। জানা গেছে উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সেনা ছাউনি। নিখোঁজ প্রায় ২৩ সেনা সদস্য। তলিয়ে গেছে একাধিক সেনার গাড়ি। একটি সেতুও ভেঙে গিয়েছে বলে জানা গিয়েছে।

সেনার তরফে জানা গিয়েছে, আজ সিংতামে যে সেনার ছাউনি ছিল সেই ছাউনিতে পানি প্রবেশ করে, তিস্তার পানি তাণ্ডব চালায় সেখানে। তিস্তা নদীর পানিতে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। খোঁজ মিলছে না ২৩ সেনা সদস্যের। তাঁরা ভেসে গিয়েছে নাকি পাহাড়ের খাদে পড়ে গিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। শুরু হয়েছে তল্লাশি। এর মধ্যে আবার পাহাড় ধস নামতে শুরু করেছে। এত বড় ঘটনা সিকিমের বুকে এই প্রথম জানাচ্ছেন সেনাবাহিনী।

যে কোনও প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষকে রক্ষা করেন সেনাবাহিনী। এবার তাঁদের উপরই আঘাত আসায় আতঙ্কে সকলে। এ দিকে, এত বড় বিপর্যয়ের মুখে বাংলা কোনওদিন পড়েছে বলে মনে হয় না। এর আগে ২০১৩ সালে উত্তরাখণ্ড বিপর্যয় দেখেছিল গোটা ভারত। এবার সিকিমের এই ভয়াবহ পরিস্থিতির মুখে সকলে।

টিভি ৯ সূত্রে