আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্দোবায় ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫ জন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিনহুয়া, বিবিসি ও রয়টার্স সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মালাগা থেকে মাদ্রিদগামী বেসরকারি রেল কোম্পানি ‘ইরিও’-র একটি হাই-স্পিড ট্রেন কর্দোবার কাছে পৌঁছালে হঠাৎ এর পেছনের অংশটি লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত বগিগুলো পাশের ট্র্যাকে আছড়ে পড়লে বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী রাষ্ট্রীয় রেল সংস্থা ‘রেনফে’-র অপর একটি ট্রেনের সঙ্গে সেটির প্রচণ্ড সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, ট্রেনের একাধিক বগি দুমড়েমুচড়ে যায়। নিহতদের মধ্যে মাদ্রিদ-হুয়েলভাগামী ট্রেনটির চালকও রয়েছেন বলে জানিয়েছে সরকারি টেলিভিশন ‘এস্পানিওলা’।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আন্দালুসিয়া অঞ্চলের জরুরি সেবা বিভাগ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থলে পাঁচটি আইসিইউ, চারটি জরুরি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো রহস্যাবৃত। সোজা রেলপথে এ ধরনের সংঘর্ষকে তিনি ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন। বিশেষ করে ওই রেলপথটি গত মে মাসেই আধুনিকায়ন করা হয়েছিল।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে দেশের জন্য এক ‘গভীর বেদনার রাত’ হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। এদিকে আন্দালুসিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট হুয়ানমা মোরেনো হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দুর্ঘটনার ফলে কর্দোবা, সেভিয়া, মালাগা ও হুয়েলভার সঙ্গে মাদ্রিদের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে রেল কর্তৃপক্ষ।
স্পেনের ইতিহাসে এই দুর্ঘটনা ২০১৩ সালের গ্যালিসিয়া ট্র্যাজেডির স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যেখানে ট্রেন লাইনচ্যুত হয়ে ৮০ জন প্রাণ হারিয়েছিলেন। রবিবারের এই ভয়াবহ প্রাণহানি দেশটির আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।

