‘তলাবিহীন ঝুড়ি’ থেকে সমৃদ্ধ অর্থনীতির রূপকার শহীদ জিয়া: মির্জা ফখরুল

0
‘তলাবিহীন ঝুড়ি’ থেকে সমৃদ্ধ অর্থনীতির রূপকার শহীদ জিয়া: মির্জা ফখরুল

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশের আধুনিক অর্থনীতির স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতি। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যাকে একসময় ‘তলাবিহীন ঝুড়ি’ বলে উপহাস করা হতো, সেই দেশকে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন জিয়াউর রহমান।”

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে জিয়াউর রহমানের নাম অবিনশ্বর। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে ১৯৭৫-এর সংকটময় মুহূর্তে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ গড়ার দায়িত্ব গ্রহণ—সবখানেই তিনি ছিলেন ‘ত্রাণকর্তা’। তিনি আরও উল্লেখ করেন, জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রই আজকের ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের একমাত্র পথ।

ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা জিয়াউর রহমানের স্বপ্ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছি। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এখন আমাদের লক্ষ্য একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া।”

বিএনপি প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিষয়ে মির্জা ফখরুল বলেন, “মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কিছু কারিগরি ও আইনি সমস্যা হওয়া নতুন কোনো ঘটনা নয়। আমরা গতকাল আমাদের আপিল ও পর্যবেক্ষণগুলো নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। এখন পর্যন্ত কমিশনের কার্যক্রম আশাব্যঞ্জক এবং আমরা বিশ্বাস করি তারা যোগ্যতার সাথেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।”

এদিন সকাল থেকেই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জিয়াউর রহমানের সমাধিতে ভিড় করেন। ‘শহীদ জিয়া অমর হোক’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে শেরেবাংলা নগর এলাকা। আজ সারাদেশে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আগামীকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।

বিএনপি মহাসচিব তাঁর বক্তব্যে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানকেও শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।