ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল: ২২ প্রাণহানির পর ২১ বাংলাদেশিকে উদ্ধার

0
ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল: ২২ প্রাণহানির পর ২১ বাংলাদেশিকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়ার তোবরুক বন্দর থেকে উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। কিন্তু ৬ দিনের দীর্ঘ যাতনা আর সমুদ্রের ভয়াবহ ঢেউ তাদের স্বপ্নকে এক নিমিষেই শোকে পরিণত করেছে। গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, লিবিয়া থেকে ছেড়ে আসা একটি রাবারের নৌকা থেকে ২১ বাংলাদেশি সহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই যাত্রায় প্রাণ হারিয়েছেন অন্তত ২২ জন।

উদ্ধারকৃতদের বক্তব্য অনুযায়ী, গত ২১ মার্চ নৌকাটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর তোবরুক থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাঝপথে দিক হারিয়ে ফেলায় নৌকাটি গভীর সমুদ্রে আটকা পড়ে। টানা ৬ দিন কোনো খাবার বা সুপেয় পানি ছাড়াই উত্তাল সাগরে ভেসে থাকতে হয় আরোহীদের। চরম খাদ্য ও পানীয় সংকটে একের পর এক আরোহী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নৌকায় থাকা আরোহীরা জানিয়েছেন, মৃতদেহগুলোর ভার কমাতে এবং ধরা পড়ার ভয়ে পাচারকারীদের নির্দেশে মৃতদের সাগরে ফেলে দেওয়া হয়।

গতকাল শুক্রবার ভোরের দিকে দক্ষিণ ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ এই সংকটাপন্ন নৌকাটি খুঁজে পায়। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন বাংলাদেশি ২১ জন, দক্ষিণ সুদানি ৪ জন, চাদের নাগরিক ১ জন

উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। গুরুতর অসুস্থ দুজনকে ক্রিট দ্বীপের হেরাক্লিয়ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।

গ্রিস কর্তৃপক্ষ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি যুবককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই এই পাচার চক্রের সাথে সরাসরি যুক্ত।

সাম্প্রতিক সময়ে গ্রিস ও ইতালি ইউরোপে প্রবেশের প্রধান রুট হয়ে দাঁড়িয়েছে। উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী জরাজীর্ণ রাবারের নৌকায় সমুদ্র পাড়ি দেওয়ার ঝুঁকি নিচ্ছেন, যা প্রায়শই এ ধরনের বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।