যুক্তরাষ্ট্রের আগ্রাসন রুখতে লড়বে ৭০ লাখ ইরানি ‘স্বেচ্ছাসেবী’

0
যুক্তরাষ্ট্রের আগ্রাসন রুখতে লড়বে ৭০ লাখ ইরানি ‘স্বেচ্ছাসেবী’

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মাঝে এক অভাবনীয় প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো স্থল আক্রমণ প্রতিহত করতে দেশটির প্রায় ৭০ লাখ বেসামরিক নাগরিক অস্ত্র হাতে লড়তে প্রস্তুত রয়েছে।

গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় আন্দোলনের গুঞ্জন চলছিল। বৃহস্পতিবার (২ এপ্রিল) সেই গুঞ্জনে সিলমোহর দিলেন ইরানের স্পিকার কালিবাফ। তার দেওয়া তথ্যানুযায়ী, মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে এক বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী সংগঠিত হয়েছে।

সাধারণত মধ্যপন্থী ও আলোচনার পক্ষপাতি হিসেবে পরিচিত হলেও, বর্তমান পরিস্থিতিতে কালিবাফের সুর বেশ কড়া। তার ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন “একটি শক্তিশালী জাতীয় আন্দোলনের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৭০ লাখ ইরানি মাতৃভূমি রক্ষায় নিজেদের নাম লিখিয়েছেন। তারা ঘোষণা করেছেন যে, জাতির সার্বভৌমত্ব রক্ষায় তারা অস্ত্র হাতে তুলে নিতে এবং যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পুরোপুরি প্রস্তুত।”

৯ কোটি জনসংখ্যার ইরানে ৭০ লাখ প্রশিক্ষিত বেসামরিক নাগরিকের এই প্রস্তুতিকে সামরিক বিশ্লেষকরা বড় ধরণের ‘মনস্তাত্ত্বিক চাপ’ হিসেবে দেখছেন। এই স্বেচ্ছাসেবীরা কেবল সংহতি প্রকাশই নয়, বরং নিজ ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ প্রশিক্ষণও গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। ওয়াশিংটনের সাথে সম্ভাব্য আলোচনার অন্যতম অংশীদার হিসেবে বিবেচিত কালিবাফের এই পোস্ট সরাসরি যুক্তরাষ্ট্রকে দেওয়া একটি কড়া চ্যালেঞ্জ হিসেবে গণ্য হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ইরানের ওপর নানা আন্তর্জাতিক চাপ ও সামরিক হুমকির মুখে তেহরান তাদের সামরিক সক্ষমতার পাশাপাশি জনশক্তিকেও ঢাল হিসেবে ব্যবহারের কৌশল নিয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ৭০ লাখ বাহিনীর গুঞ্জন শোনা গেলেও, প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বাঘের কালিবাফই বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন।

বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধের চেয়ে এটি মূলত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আক্রমণ পরিকল্পনাকে নিরুৎসাহিত করার একটি বড় পদক্ষেপ। সূত্র: আজার নিউজ, ইরান।