ইরানে মার্কিন স্পেশাল ফোর্সের ঝটিকা অভিযান: নিখোঁজ ক্রু’র সন্ধানে রুদ্ধশ্বাস তল্লাশি

0
ইরানে মার্কিন স্পেশাল ফোর্সের ঝটিকা অভিযান: নিখোঁজ ক্রু’র সন্ধানে রুদ্ধশ্বাস তল্লাশি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারে ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের চৌকস স্পেশাল ফোর্স। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার রাতে এই দুঃসাহসিক উদ্ধার অভিযান শুরু হয়। নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে মার্কিন বাহিনী অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষ কৌশল অবলম্বন করছে। পেন্টাগন সূত্রের বরাতে জানা গেছে, ইতিমধ্যে একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ দ্বিতীয় সদস্যের সন্ধানে ব্ল্যাকহক হেলিকপ্টার ও এসি-১৩০ গানশিপ নিয়ে ইরানের দুর্গম এলাকায় অনুসন্ধান চালাচ্ছে মার্কিন প্যারারেস্কিউ জাম্পাররা। অন্যদিকে, ইরানও ওই মার্কিন পাইলটকে আটক করতে মরিয়া হয়ে উঠেছে। এমনকি তাকে জীবিত বা মৃত ধরার জন্য পুরস্কারও ঘোষণা করেছে তেহরান।

একদিনে ৫ ড্রোন-যুদ্ধবিমান ধ্বংস: ইরানের দাবি শনিবার (৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত পাঁচটি ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আইআরজিসি (IRGC) এই দিনটিকে ওয়াশিংটন ও তেল আবিবের জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়েছে।

ইরানের সফল হামলার খতিয়ান ,খোমেইন ও জানজান অঞ্চলে দুটি মার্কিন ক্ষেপণাস্ত্র ধ্বংস। ইসফাহানে দুটি এমকিউ-৯ রিপার এবং বুশেহরে একটি হারমেস ড্রোন ভূপাতিত। মধ্য ইরানে একটি উন্নত যুদ্ধবিমান এবং হরমুজ প্রণালীর কাছে একটি এ-১০ থান্ডারবোল্ট ভূপাতিত করার দাবি করেছে তেহরান।

মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি। শুক্রবার এক বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের আগ্রাসনের জন্য ‘অনুতপ্ত’ না হওয়া পর্যন্ত তেহরান যুদ্ধ চালিয়ে যাবে।

তিনি বলেন, “আমরা সাময়িক যুদ্ধবিরতি চাই না। আমাদের লক্ষ্য স্থায়ীভাবে হুমকি দূর করা এবং আগ্রাসনকারী পক্ষকে এমন কঠিন শাস্তি দেওয়া যাতে তারা ভবিষ্যতে আর হামলার সাহস না পায়।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকে ইরান নিয়মিতভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই সংঘাত এখন কেবল সীমান্ত বা আকাশসীমায় সীমাবদ্ধ নেই; বরং মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত এলাকাগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। নিখোঁজ ক্রু সদস্যকে কেন্দ্র করে দুই দেশের স্পেশাল ফোর্সের মুখোমুখি হওয়ার আশঙ্কা এখন পুরো অঞ্চলকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।