ইসলামাবাদে জট পাকালো কূটনীতি: আরাগচি ফিরতেই ট্রাম্পের নির্দেশে মার্কিন সফর বাতিল

0
ইসলামাবাদে জট পাকালো কূটনীতি: আরাগচি ফিরতেই ট্রাম্পের নির্দেশে মার্কিন সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের বারুদঠাসা পরিস্থিতিতে চিরবৈরী দুই দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার যে মঞ্চ ইসলামাবাদে প্রস্তুত করা হয়েছিল, তা আকস্মিক নাটকীয়তায় পণ্ড হয়ে গেছে। দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ত্যাগ করলেও, শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধিদলের সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে দেওয়া এক কড়া বার্তায় জানিয়েছেন, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর আপাতত স্থগিত করা হয়েছে। সফর বাতিলের কারণ হিসেবে ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ ‘নেতৃত্বের বিশৃঙ্খলা’কে দায়ী করেন।

ইসলামাবাদে গিয়ে ইরানের সঙ্গে আলোচনাকে এই মুহূর্তে ‘সময়ের অপচয়’ বলে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প বলেন, “তাদের (ইরান) নেতৃত্বের মধ্যে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব ও বিভ্রান্তি চলছে। তারা চাইলে যেকোনো সময় আমাদের ফোন করতে পারে।” তিনি স্পষ্ট করে দেন যে, যুক্তরাষ্ট্র এই আলোচনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং আলোচনার দরজা খোলা থাকলেও তারা কোনো তাড়াহুড়ো করবেন না।

এদিকে, ট্রাম্পের সফর বাতিলের ঘোষণার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ব্যস্ত দিন পার করেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে তেহরানের পক্ষ থেকে একটি ‘চাহিদা তালিকা’ পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরাগচি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি সরাসরি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বসবেন না। ইরানের অবস্থান ও বার্তাগুলো শুধুমাত্র পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রকে জানানো হবে। ফিলিস্তিন ও লেবাননে যুদ্ধবিরতির পক্ষে পাকিস্তানের অনড় অবস্থানের জন্য ইসলামাবাদকে ধন্যবাদ জানান আরাগচি।

ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ছেড়ে এখন ওমান ও রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল।

ইরান সরাসরি আলোচনায় বসতে নারাজ এবং ট্রাম্প ‘ফোন করার’ আহ্বান জানিয়ে স্নায়ুযুদ্ধ বজায় রাখছেন। এমতাবস্থায় পাকিস্তান দুই দেশের মধ্যে ‘সেতু’ হিসেবে কাজ করলেও মার্কিন প্রতিনিধিদলের সফর বাতিল হওয়ায় শান্তি আলোচনা আপাতত অনিশ্চয়তায় পড়ল।

সূত্র: আল-জাজিরা, সিএনএন এবং ইরনা।