আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়াকে ‘চরম বোকামি’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রক্ষণশীল সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে তার প্রশাসনের পরবর্তী রণকৌশল কী হতে চলেছে, সে বিষয়েও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে ২০০৩ সালের ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে মার্কিন পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন, “ইরাকে কী ঘটেছিল তা আপনারা দেখেছেন। আমরা সেখানে অত্যন্ত বাজে পারফর্ম করেছি। আমরা যা করেছি তা ছিল চরম বোকামি। সত্যি বলতে, শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি। একইভাবে আমাদের ইরানেও জড়ানো উচিত হয়নি।”
ইরানে মার্কিন হস্তক্ষেপকে ভুল বললেও তেহরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের কারণেই ইরান এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি।
ট্রাম্প বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পূর্ণ সক্ষমতা রয়েছে। আমরা যদি আজ থেকে ৯ মাস আগে তাদের ওপর বি-২ (B-2) বোমারু বিমান দিয়ে আঘাত না করতাম, তবে এতক্ষণে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। আর তা হলে আজ পুরো গল্পটাই ভিন্ন হতো। তখন হয়তো আপনারা আজকের ইসরায়েলকে দেখতেন না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যের অস্তিত্বই হুমকির মুখে পড়ত।”
সাক্ষাৎকারের একপর্যায়ে ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি করে বসেন। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী ইরানের নিয়মিত সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানায়নি, বরং সচেতনভাবেই তাদের রেহাই দিয়েছে।
এর ব্যাখ্যায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ইরানের সামরিক বাহিনীকে একপ্রকার ছেড়েই দিয়েছি। কারণ আমাদের মনে হয়েছে, তাদের নিয়মিত সামরিক বাহিনী তুলনামূলকভাবে কিছুটা সহনশীল। তবে সেখানে অন্যান্য কিছু পক্ষ রয়েছে যারা চরমপন্থি; আমরা কেবল তাদেরই নিশানা করেছি। আমরা ইরানের নেতৃত্বের বিভিন্ন স্তরকে খতম করেছি, কিন্তু তাদের মূল সামরিক বাহিনীকে স্পর্শ করিনি।”
নিজেদের এই কৌশলগত সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প আরও বলেন, “আমার এই কথা শুনলে মানুষ হয়তো অবাক হবে। কিন্তু অতীতে এমন অনেক যুদ্ধ হয়েছে যেখানে প্রতিপক্ষের সবকিছু একেবারে গুঁড়িয়ে দেওয়ার ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার ফলে একটি দেশ পরবর্তী ৪০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারে না। আমরা সেই ভুল করতে চাইনি।”
সূত্র: আল-জাজিরা

