আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ট্রানজিট রুট ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ কোনো ধরনের নৌযান এই জলপথ ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তার ওপর সরাসরি গুলি চালানো হবে বলেও চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরানের এই যুদ্ধংদেহী ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় আকাশচুম্বী হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হামলা ও হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে এখন পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হওয়ার খবর ছড়ামাত্রই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।
গ্রিনিচ মান সময় (GMT) বৃহস্পতিবার রাত ২টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৮ ডলার বা ১.৫৯% বৃদ্ধি পেয়ে ৯৪.৫৮ ডলারে পৌঁছায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ডব্লিউটিআই তেলের দাম ১.৭১ ডলার বা ১.৯০% বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৭৪ ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবার ভোরের দিকে মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার একপর্যায়ে ৩ ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছিল।
ডাচ আর্থিক প্রতিষ্ঠান আইএনজি (ING)-এর বাজার বিশ্লেষকেরা এক নোটে জানিয়েছেন “বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো সমঝোতা এখনো অনেক দূরের বিষয়। ফলে পারস্য উপসাগর থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ দীর্ঘ সময় ধরে কঠোরভাবে সীমিত থাকতে পারে, যা তেলের দামকে আরও ত্বরান্বিত করবে।”
সম্প্রতি এপ্রিলের শুরুতে দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা ভেস্তে গেছে। বৃহস্পতিবার ভোররাত থেকে মার্কিন বাহিনী ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা শুরু করেছে।
বুধবার সন্ধ্যায় ফক্স নিউজের প্রতিবেদক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আপাতত এই হামলাগুলো শিগগিরই থামবে।” তবে একই সঙ্গে ইরানি নেতৃত্বকে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন “ইরানের নেতারা যদি অবিলম্বে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নতুন কোনো শান্তিচুক্তিতে স্বাক্ষর না করেন, তবে তাদের ওপর ইতিহাসের সবচেয়ে ব্যাপক ও ধ্বংসাত্মক বোমাবর্ষণ করা হবে।”
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
তবে এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) জানিয়েছে, এখন পর্যন্ত কোনো মার্কিন যুদ্ধজাহাজ আক্রান্ত হয়নি। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী, ইরানের হুমকির মধ্যেই কিছু বাণিজ্যিক জাহাজ এখনো হরমুজ প্রণালি দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশই সম্পন্ন হয় কৌশলগত এই হরমুজ প্রণালি দিয়ে। কয়েক মাস ধরে ইরানের পরোক্ষ অবরোধের কারণে এমনিতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়া ছিল, যা এই পূর্ণাঙ্গ ঘোষণায় আরও ভয়াবহ রূপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (EIA) জানিয়েছে, ৫ জুন শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত ধারণার চেয়েও বেশি (৭২ লাখ ব্যারেল) কমে ৪২ কোটি ৬৫ লাখ ব্যারেলে নেমে এসেছে। ইরান সংঘাত শুরু হওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নিজেদের ঘাটতি মেটাতে গিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত রিজার্ভ থেকে প্রায় ৭ কোটি ৯০ লাখ ব্যারেল তেল শেষ হয়ে গেছে।
অন্যদিকে, রয়টার্সের সর্বশেষ জরিপ অনুযায়ী, মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালি অচলের প্রভাবে ওপেকের (OPEC) মে মাসের তেল উৎপাদন গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের তেল রপ্তানিও এখন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই ধ্বংস করছে না, বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা (Recession) ডেকে আনছে।

