জর্ডানের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি টার্গেট এফ-৩৫, হরমুজ প্রণালিতে নৌবাহিনীর মুখোমুখি যুদ্ধ

0
জর্ডানের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি টার্গেট এফ-৩৫, হরমুজ প্রণালিতে নৌবাহিনীর মুখোমুখি যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এবার চরম বিস্ফোরণ ঘটেছে। একদিকে জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ১২টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি); অন্যদিকে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল ‘হরমুজ প্রণালি’তে মার্কিন নৌবাহিনী ও আইআরজিসির মধ্যে সরাসরি ও ব্যাপক নৌ-সংঘর্ষ শুরু হয়েছে। দুই দেশের বাহিনী এখন রণক্ষেত্রে মুখোমুখি অবস্থানে রয়েছে।

বার্তা সংস্থা আলজাজিরার খবরে বলা হয়েছে, জর্ডানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর বড় ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

আইআরজিসির দাবিতাদের ছোঁড়া ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে মার্কিন ঘাঁটির ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ (F-35), এফ-১৫ (F-15) এবং এফ-১৬ (F-16) যুদ্ধবিমানের হ্যাঙ্গার (সংরক্ষণাগার) ও মার্কিন বাহিনীর ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’কে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।

তবে এই ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আল-আজরাক অভিমুখে আসা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ভূপাতিত করেছে এবং এতে কোনো বড় ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। মার্কিন কর্মকর্তারাও দাবি করেছেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইরান কর্তৃক হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, গত এপ্রিলের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ওয়াশিংটন বারবার লঙ্ঘন করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আন্তর্জাতিক জলপথ অবরুদ্ধ থাকবে।

নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালি অতিক্রম করার চেষ্টা করায় দুটি বিশাল তেলবাহী ট্যাংকারে সরাসরি সামরিক আঘাত হেনেছে আইআরজিসি।

সাগরে আইআরজিসির এই আগ্রাসী নৌ-সেনাদের রুখতে মার্কিন নৌবাহিনীও সরাসরি ভারী অস্ত্র থেকে গুলি ছুঁড়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, সাগরে দুই দেশের যুদ্ধজাহাজের তীব্র লড়াইয়ের পাশাপাশি ইরানের মূল ভূখণ্ডের উপকূলীয় অন্তত ৭টি পয়েন্টে মার্কিন বাহিনী পাল্টা আঘাত হানতে সক্ষম হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরানবিরোধী বিমান হামলার জবাবেই ইরান এই বহুমাত্রিক পাল্টা আঘাত (Retaliation) শুরু করেছে। মধ্যপ্রাচ্যের এই জল ও আকাশপথের যুদ্ধ পুরো বিশ্বকে এক অনির্দিষ্টকালের জ্বালানি সংকট ও তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।