‘ধরো আর বিএসএফকে দাও, নো জেল’: ১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাকের দাবি শুভেন্দু অধিকারীর

0
'ধরো আর বিএসএফকে দাও, নো জেল': ১০ হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশব্যাকের দাবি শুভেন্দু অধিকারীর

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত জেলার অস্থায়ী নিবাসকেন্দ্র বা হোল্ডিং সেন্টার থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার বেআইনি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আরও ১ হাজার ৮০০ জনকে ওপারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কড়া জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য ও সরকারের কঠোর অবস্থানের কথা জানান।

বিধানসভায় কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “১০ হাজার বের করেছি। ১২টা হোল্ডিং সেন্টারে আরও ১৮০০ জন অপেক্ষা করছে। রোজ ওপারে পাঠাচ্ছি। আমরা ভারত সরকারের আইন কঠোরভাবে কার্যকর করেছি।”

অনুপ্রবেশকারীদের আইনি মর্যাদা নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন “আপনাদের কেউ কেউ বলেছেন তারা ভারতীয়। একদম ক্রিস্টাল ক্লিয়ার (স্বচ্ছ), তারা অনুপ্রবেশকারী। আমাদের নাগরিকদের ট্যাক্সের টাকায় সরকারি প্রকল্প হবে। কিন্তু বেআইনি অনুপ্রবেশকারীদের জেলের খাওয়া, কাপড় কিংবা ওষুধ দেওয়ার জন্য রাজ্য কোষাগার থেকে এক পয়সাও খরচ করতে পারব না।”

রাজ্যে অনুপ্রবেশকারীদের বিষয়ে সরকারের নতুন রণকৌশলের ইঙ্গিত দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ধরো আর বিএসএফকে দাও। নো জেল!”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, দীর্ঘদিন ধরে রাজ্যে প্রবেশ করে থাকা বেআইনি অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করে বছরের পর বছর রাজ্যের জেলে আটকে রাখার বদলে, সরাসরি সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)-র হাতে তুলে দিয়ে ওপারে ফেরত পাঠানোর নীতিতেই এগোচ্ছে প্রশাসন। এতে রাজ্যের আইনি জটিলতা ও আর্থিক সাশ্রয় দুই-ই হবে।

অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত সুরক্ষাকে আরও নিরেট করতে রাজ্য সরকারের গৃহীত বড় পদক্ষেপের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান সীমান্তে কাঁটাতারের বেড়া (বর্ডার ফেন্সিং) নির্মাণের গতি বাড়াতে ইতোমধ্যে বিএসএফ-এর কাছে ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। জমি জটিলতা কেটে যাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ শেষ হবে।

বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীর এই অনমনীয় ও আক্রমণাত্মক বক্তব্যকে কেন্দ্র করে বিধানসভার ভেতরে ও রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।