
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের অভ্যন্তরে মার্কিন বিমান হামলার জবাবে এবার মধ্যপ্রাচ্যজুড়ে স্মরণকালের অন্যতম বড় পাল্টা সামরিক অভিযান শুরু করেছে তেহরান। উপসাগরীয় অঞ্চলের অন্তত পাঁচটি দেশ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী যৌথভাবে এই অভিযানের ঘোষণা দিয়েছে। তাদের দাবি, ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে এটি তাদের প্রতিশোধমূলক ‘তৃতীয় ধাপের’ সামরিক পদক্ষেপ। এই পাল্টাপাল্টি হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্য এখন এক মহাসংকটের মুখোমুখি।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীগুলোর জন্য ব্যবহৃত একটি লজিস্টিক সহায়তা কেন্দ্র ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ‘ভয়াবহ ও আকস্মিক’ হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে, হামলায় ওই স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এদিকে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ‘আল উদেইদ’ বিমানঘাঁটিতেও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসি। তাদের দাবি, এই হামলায় মার্কিন যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে বিস্ফোরকবাহী ড্রোন পাঠানো হয়েছে।
কুয়েতে থাকা মার্কিন সেনাবাহিনীর শক্তিশালী ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি রাডার স্টেশন এবং একটি গোলাবারুদের গুদামে সফল ড্রোন হামলার দাবি করেছে ইরান। বাহরাইনে অবস্থিত মার্কিন বাহিনীর একটি যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জর্ডানের ‘প্রিন্স হাসান’ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আইআরজিসি। এতে মার্কিন বাহিনীর এমকিউ-৯ ড্রোন রাখার কয়েকটি হ্যাঙ্গার ও কমান্ড সেন্টার ধ্বংস হয়েছে বলে দাবি তেহরানের।
ইরানের এই সর্বাত্মক হামলার পর আরব দেশগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে:
কুয়েত ও ইউএই (UAE) এর সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানি ড্রোন ও প্রজেক্টাইল প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। আকাশে বিকট বিস্ফোরণের শব্দ মূলত এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কারণেই হচ্ছে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে সর্বোচ্চ নিরাপত্তা ঝুঁকি ঘোষণা করে নাগরিকদের ঘরের বাইরে বের না হতে নির্দেশ দিয়েছে। অন্যদিকে, বাহরাইনে রোববার সকালে দ্বিতীয়বারের মতো যুদ্ধের সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এরই মধ্যে হরমুজ প্রণালিতে ‘নিয়ম লঙ্ঘন’ করার অভিযোগে আরেকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটির গতিপথ থামিয়ে দিয়েছে আইআরজিসি।
ইরানি বাহিনী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা এবং ইসরায়েলের কথিত ‘আগ্রাসন’ যদি অবিলম্বে বন্ধ না হয়, তবে এর চেয়েও আরও ‘বিধ্বংসী ও মারাত্মক’ প্রতিক্রিয়া দেখাবে তেহরান।
