ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

0
ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে মানি স্যুট মামলা করা হয়েছে। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মতিউর রহমান।

এদিন বাদীপক্ষ সর্বোচ্চ কোর্ট ফি দাখিল করেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

সম্প্রতি সংবাদ সম্মেলনে নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করায় এ মামলা করা হয়েছে বলে সমকালকে জানান ওই হাসপাতালের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে ২৫ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করতে বলা হয়েছে। বিবাদী সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করেন বিচারক মাসুদুল হক।’

কুমিল্লার গৃহবধূ মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতকের মৃত্যুর ঘটনায় গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় আসে ঢাকার সেন্ট্রাল হাসপাতাল এবং ডা. সংযুক্তা সাহা। এরই মধ্যে সংযুক্তা সাহাসহ কয়েকজন চিকিৎসক এবং সেন্ট্রাল হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগে ফৌজদারি মামলা করেছেন আঁখির স্বামী মুহাম্মদ ইয়াকুব আলী। সেন্ট্রাল হাসপাতাল শুরু থেকেই গাফিলতির জন্য ডা. সংযুক্তা সাহাকে দায়ী করে আসছিল। ওই সময় ডা. সংযুক্তা দেশের বাইরে ছিলেন। দেশে ফিরে সংবাদ সম্মেলন ডেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্য প্রত্যাহার চেয়ে গত ২২ জুন সংযুক্ত সাহাকে লিগ্যাল নোটিস পাঠায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় সাংবাদিকদের ডেকে সংবাদ সল্ফ্মেলন করে তিনি শর্তাবলী লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড ও সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে। সংযুক্ত সাহা তাঁর বক্তব্য প্রত্যাহার না করায় এবার মামলা করা হল।