‘ডোমিনিকার নাগরিকত্ব’ বিতর্কে নাহিদ ইসলাম; ঢাকা-১১ আসনে প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

0
‘ডোমিনিকার নাগরিকত্ব’ বিতর্কে নাহিদ ইসলাম; ঢাকা-১১ আসনে প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

বাংলাদেশ প্রতিবেদকঃ ঢাকা-১১ সংসদীয় আসনে নির্বাচনী উত্তাপ মাঠ পেরিয়ে এবার উচ্চ আদালতে পৌঁছেছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শামীম আহমেদ।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সর্বোচ্চ আদালতে এই আবেদনটি করা হয়। রিটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং অভিযুক্ত প্রার্থী নাহিদ ইসলামকে।

আবেদনে উল্লেখ করা হয় যে, মো. নাহিদ ইসলাম গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী, বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী কোনো ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এই তথ্য গোপন করার অভিযোগ এনেই তার প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে।

গুলশান ও সবুজবাগ এলাকার ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

এই আসনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন: এম এ কাইয়ুম (বিএনপি), শামীম আহমেদ (জাতীয় পার্টি), শেখ মো. ফজলে বারী মাসউদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নাহিদ ইসলাম (এনসিপি) – যার প্রার্থিতা এখন চ্যালেঞ্জের মুখে। এছাড়াও গণফোরাম, গণঅধিকার পরিষদ এবং স্বতন্ত্রসহ আরও বেশ কয়েকজন প্রার্থী মাঠে রয়েছেন।

এখন দেখার বিষয়, উচ্চ আদালতের রায়ে নাহিদ ইসলামের প্রার্থিতা বহাল থাকে নাকি ঢাকা-১১ আসনের ভোটের লড়াই থেকে তিনি ছিটকে পড়েন।