চট্টগ্রামে ৬ হত্যা: হাছান মাহমুদ ও নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

0
চট্টগ্রামে ৬ হত্যা: হাছান মাহমুদ ও নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা

আদালত প্রতিবেদকঃ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। পরোয়ানাভুক্ত আসামিরা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

জুলাইয়ের গণ-আন্দোলন চলাকালে চট্টগ্রামে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় এটি একটি বড় পদক্ষেপ। ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ৬ জনকে হত্যার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার রিপোর্টের ভিত্তিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয় আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানায়।

এই মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়েছে, যাদের সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত। গ্রেপ্তারকৃত ৪ জন রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৪ জন বর্তমানে কারাগারে আছেন। ফজলে করিমকে গত ৫ ফেব্রুয়ারি এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পলাতক ১৮ জন যাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ড. হাছান মাহমুদ (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), মহিবুল হাসান চৌধুরী নওফেল (সাবেক শিক্ষামন্ত্রী), আ জ ম নাসির উদ্দীন (সাবেক মেয়র, চসিক), রেজাউল করিম চৌধুরী (সাবেক মেয়র, চসিক), নুরুল আজিম রনি ও জাকারিয়া দস্তগীর সহ চট্টগ্রামের প্রভাবশালী যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী, জুলাই অভ্যুত্থান দমনে আসামিরা পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৬ জন প্রাণ হারান, যা আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে গণ্য করা হয়েছে।

ট্রাইব্যুনাল জানিয়েছে, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই পরোয়ানা দ্রুত কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।