ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার চকদিগর, সাতবাড়ীয়া ও বৈদ্যমরিচ এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার ১৯ জুলাই ২০২৬ বিকেল ৫ টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
অভিযান চলাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী মোট ৬৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা ঘটনা স্থলেই ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য ২,৬০,০০০/= দুই লাখ ষাট হাজার টাকা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

