জয়নাল আবেদীন: রংপুরের মাহীগঞ্জ ও তাজহাট থানা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।
পণ্য যথাযথভাবে বিক্রি না করায় বুধবার মাহীগঞ্জ থানাধীন মন্দিরা মধ্যপাড়া ও তাজহাট থানার বাবুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে রংপুরের মাহীগঞ্জ মন্দিরা মধ্যপাড়া এলাকার মোঃ এনামুল হকের ছেলে সাগর দুধ বিক্রেতা-কে দুধে ক্যামিক্যাল মিশ্রন করে ভেজাল দুধ প্রস্তুত করার অপরাধে ৫০ হাজার টাকা এবং তাজহাট থানার বাবুপাড়া এলাকায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের জন্য নিউ স্বাদ বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আরোপিত মোট ৭৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান, রংপুর মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন চিলিং সেন্টার, ফিড ও মাংসের দোকান পরিদর্শন করা হয়।অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

