পাটের সোনালী দিন আবার ফিরিয়ে আনবো: প্রধানমন্ত্রী

0

কাগজ প্রতিবেদক: পাটকে বলা হয় সোনালী আঁশ। এই সোনালী আঁশের সোনালী দিন ফিরিয়ে আনতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পাট চাষ ও আঁশ ছাড়ানোর জন্য আমরা আধুনিক পদ্ধতি ব্যবহার করছি। নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি, যাতে এ শিল্পকে আরও এগিয়ে নেওয়া যায়। পাটের বহুমুখী ব্যবহার রয়েছে। দেশে-বিদেশে পরিবেশবান্ধব পাট পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আমার বিশ্বাস, পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে পারবো।’
বুধবার (৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘পাটপণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। এভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। প্রাইভেট পাটনারশিপের মাধ্যমে বিশ্বের কোথায় কোথায় পাট ও পাটপণ্যের বাজার রয়েছে, তা খুঁজে বের করতে হবে। এ সেক্টরে বেসরকারি খাত এগিয়ে আসছে। সবাই একসঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে।’