মহাখালী বিসিপিএস থেকে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

0

বাংলাদেশ প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঢাকার মহাখালীতে অবস্থিত বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) রোববার থেকেই প্রথম করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুস্টার টিকার কার্যক্রম শুরু হবে।

শনিবার দুপুর সোয়া ১২টায় মানিকগঞ্জ শুভ্র সেন্টারে সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে বয়স্ক ও ডাক্তার, নার্সসহ ফ্রন্টলাইনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বুস্টার ডোজ প্রদানে অগ্রাধিকার দেয়া হবে। পর্যায়ক্রমে বুস্টার ডোজের গ্রাহকের সংখ্যা বাড়ানো হবে।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশের সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই এই সময় উপস্থিত ছিলেন।