বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপি তাদের অফিসে নিজেরাই তালা মেরে রেখেছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান। তিনি বলেন, বিএনপি কার্যালয়ে পুলিশ তালা মারেনি, তারা নিজেরাই তালা মেরে রেখেছে। তারা অফিসে ঢুকতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই।
মঙ্গলবার (১৪ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অবরোধে নাশকতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, যারা জ্বালাও পোড়াও করছে তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। পাশাপাশি এখন যে চোরাগুপ্তা হামলা হচ্ছে সে বিষয়েও আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের নাশকতা কিংবা জ্বালাও পোড়াও কোনোভাবেই কাম্য হতে পারে না। ইতিমধ্যে যারা ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের অনেককেই আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি। আর যারা এখনও পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও বলেন, পুলিশের কাজ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। আগামী নির্বাচনেও পুলিশ সে ভূমিকা পালন করবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে যেন সম্পন্ন হয় তার জন্য যা যা করা দরকার তার সবকিছুই করা হবে। যে বা যারা নির্বাচন বানচাল করতে আসবে সাংবিধানিক বাধ্যবাধকতায় রক্ষায় পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচাল করতে চাইলে সে পরিকল্পনা ভেস্তে দেওয়া হবে।
অবরোধে বেশিরভাগ বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে সন্ধ্যার পর এবং ভোরে– এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথমে আমি এটি বলব, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ রয়েছে। তবে তারা কিছু চোরাগোপ্তা হামলা চালিয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

