নির্বাচনে কে আসবে, কে আসবে না এটা দেখা আমাদের দায়িত্ব না: ইসি আনিছুর রহমান

0
নির্বাচনে কে আসবে, কে আসবে না এটা দেখা আমাদের দায়িত্ব না: ইসি আনিছুর রহমান

বাংলাদেশ প্রতিবেদক: ‘নির্বাচনে কে আসবে, কে আসবে না এটা দেখা আমাদের দায়িত্ব না’ বলে মন্তব্য করেছেন ইসি আনিছুর রহমান। এ মন্তব্য করে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরও বলেন, সংবিধানের বাধ্যকতা রয়েছে, সেজন্য আমরা তফসিল দিয়েছি। আমাদের কমিশনে ৪৪টি দল নিবন্ধিত রয়েছে। আমরা সবাইকে নির্বাচন করতে আহ্বান করেছি। এই মুহূর্তে নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। সংবিধান মেনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার তিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা আমরা দেখতে পাইনি। একটি সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এছাড়া কোন সাংসদ সদস্য আচরণবিধি ভঙ্গ করলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

কুমিল্লা জেলা প্রশাসক মুশফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো: শাহগীর আলম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন ও চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রমুখ।