৫ বছরে এমপি বাদশার টাকা বেড়েছে পাঁচগুণ

0
৫ বছরে এমপি বাদশার টাকা বেড়েছে পাঁচগুণ

বাংলাদেশ প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের সংসদ-সদস্য (এমপি) প্রার্থীদের আয় ও সম্পদের পরিমাণ গত পাঁচ বছরে বহুগুণ বেড়ে গেছে। রাজশাহী-২ (সদর) আসনে ফজলে হোসেন বাদশার টাকা পাঁচ বছরে পাঁচগুণ বেড়েছে। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

রাজশাহী-২ (সদর) আসনে ফজলে হোসেন বাদশার টাকা পাঁচ বছরে পাঁচগুণ বেড়েছে। জোট শরিক হিসাবে টানা ১৫ বছর ধরে ফজলে হোসেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি। এবার ওয়ার্কার্স পার্টির প্রার্থী হিসাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২০১৮ সালের নির্বাচনে বাদশা তার ব্যাংক-হিসাবে জমা দেখিয়েছিলেন ২৫ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা। এখন তার ব্যাংকে আছে এক কোটি ৩০ লাখ ৫০ হাজার ২৪৫ টাকা। আগে সাড়ে ১৬ লাখ টাকা ও ৩৮ লাখ টাকার দুটি গাড়ি থাকলেও এখন একটি জিপের দাম ৭০ লাখ টাকা।

পাঁচ বছর আগে বাদশার হাতে নগদ ছিল ১৫ লাখ ১৮ হাজার ৬৮৬ টাকা। এখন ২৬ লাখ ১৩ হাজার টাকা। পাঁচ ভরি স্বর্ণালংকারের মালিক হয়েছেন তিনি। আগে দোকান ভাড়া থেকে কোনো আয় না থাকলেও এখন মার্কেট ভাড়া থেকে বছরে আয় ১৭ লাখ ৩২ হাজার ৮২৩ টাকা। এমপি হিসাবে বছরে ৬ লাখ ৬০ হাজার টাকা সম্মানি পান। বছরে তিনি ১৭ লাখ ৯৩ হাজার ৮৩ টাকা আয় দেখিয়েছেন।