কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের (তালাক) কাগজপত্র হাতে পাওয়ার পর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান (কীটনাশক) করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন আমিন মিয়া (৩২) নামের এক যুবক।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, প্রায় এক যুগ (১২ বছর) আগে কুমিল্লা বুড়িচং উপজেলার বাসিন্দা আমিন মিয়ার সঙ্গে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। দীর্ঘ বিবাহিত জীবনে তাদের কোল আলো করে আসে এক কন্যাসন্তান।
সংসারের হাল ধরতে ও জীবিকা নির্বাহের তাগিদে এই দম্পতি ঢাকায় পাড়ি জমিয়েছিলেন। তারা একটি নামীদামি হোটেলে বাবুর্চির কাজ করতেন— যেখানে আমিন মিয়া রান্নাবান্না করতেন এবং তার স্ত্রী সাহায্যকারী হিসেবে কাজ করতেন।
তবে আমিন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রতি মাসে নিজের উপার্জিত সব টাকা নেশার পেছনে উড়ানোই শেষ নয়, স্ত্রীর বেতনের জমানো টাকাও জোর জবরদস্তি করে কেড়ে নিতেন তিনি। মাদক সেবন ও এ সংক্রান্ত আর্থিক টানাটানিকে কেন্দ্র করে দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও শারীরিক-মানসিক নির্যাতনের ঘটনা ঘটত।
স্বামীর নিয়মিত মাদকসেবন ও নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে অতিষ্ঠ হয়ে ওঠেন স্ত্রী। ঢাকার কর্মস্থল থেকে ছুটি নিয়ে তিনি ব্রাহ্মণপাড়ায় নিজ বাবার বাড়িতে চলে আসেন এবং আইনি প্রক্রিয়ায় স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন।
শনিবার বিকেলে আমিন মিয়া স্ত্রীকে বুঝিয়ে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে শ্বশুড়বাড়িতে গিয়ে উপস্থিত হন। কিন্তু স্ত্রী তার সিদ্ধান্ত থেকে সরে না এসে আমিন মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতকৃত ডিভোর্সের কাগজপত্র তুলে দেন।
ডিভোর্স পেপার হাতে পাওয়া মাত্রই আমিন মিয়া তীব্র মানসিক ধাক্কা ও হতাশায় ভেঙে পড়েন। শ্বশুড়বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে পার্শ্ববর্তী এক দোকান থেকে বিষাক্ত কীটনাশক কিনে তা পান করেন। বিষক্রিয়ায় ছটফট করতে দেখে স্থানীয় ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, “কীটনাশক পান করা অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও পাকস্থলী পরিষ্কারের (স্টমাক ওয়াশ) চেষ্টা করেছি। তবে বিষক্রিয়া বেশি ছড়িয়ে পড়ায় এবং আশঙ্কাজনক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “ডিভোর্সের জেরে বিষপানের বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আমিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

