বাংলাদেশ আফগানিস্তান নয়, দু-একটি হুমকিতে কিছু হবে না: পররাষ্ট্রমন্ত্রী

0
বাংলাদেশ আফগানিস্তান নয়, দু-একটি হুমকিতে কিছু হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ আফগানিস্তান নয়, দু-একটি হুমকি-ধমকিতে কোনো লাভ হবে না। শুক্রবার সিলেট নগরীতে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ১৭০ মিলিয়ন মানুষের দেশ, বিশ্বের ৩৩তম বৃহত্তম অর্থনীতির দেশ। আমরা এখন আত্মনির্ভরশীল। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে।

আব্দুল মোমেন বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে বলেই অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে। অন্যদিকে বিএনপি চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আল্লাহ তাদের হেদায়েত করুক।

এদিন পররাষ্ট্রমন্ত্রী নগরীর উপশহর, তেররতন ও গোটাটিকর শিল্প এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, অ্যাডভোকেট আফসর আহমদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম প্রমুখ।