বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীনকমিশন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সিইসির সঙ্গে ছিলেন চারজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব বলেন, আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন, তফসিল কবে ঘোষণা হবে। আজ বিকেল ৪টায় স্যারের (সিইসি) ভাষণ রেকর্ড করা হবে। সম্ভবত নির্বাচন কমিশনার স্যারদের সঙ্গে বসে সার্বিক বিষয়টা নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন, এটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
বৈঠকে রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানান সিইসি। ইসির প্রস্ততিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনকে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করে তুলতে সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যখন যা কিছু দরকার সবধরনের সহায়তা করবেন বলে ইসিকে আশ্বাস দেন রাষ্ট্রপতি।
আখতার হোসেন বলেন, প্রধান নির্বাচন কমিশনার গত জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়া, রাজনৈতিক দল নিবন্ধনের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেছেন।
এছাড়া একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে ইসি কীভাবে কারিগরি ও লজিস্টিক ব্যবস্থাপনা করবে- সে বিষয়ে প্রেসিডেন্ট বিস্তারিত জানতে চান। ব্যালট পেপারের রং, বিতরণ পদ্ধতি, মক ভোটিংয়ে ভোটারের গড় সময়, গণনার প্রযুক্তিগত পদ্ধতি- এগুলো সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন।
তিনি বলেন, আমরা বিষয়গুলো ব্যাখ্যা করার পর প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের নতুন সময়ও তিনি যৌক্তিক বলে মত দেন।
প্রেসিডেন্ট বিশেষ আগ্রহ নিয়ে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর প্রযুক্তিগত কাঠামো সম্পর্কে জানতে চান। ইসি সচিব জানান, স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে এসব প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শুনে প্রেসিডেন্ট অত্যন্ত খুশি হয়েছেন।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা তিনি তার এখতিয়ার অনুযায়ী সর্বোচ্চভাবে দেবেন।

