খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশন, ইলেক্টিভ ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে

0
খালেদা জিয়ার শরীরে গুরুতর ইনফেকশন, ইলেক্টিভ ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ তথ্য জানিয়েছে তাঁর জন্য গঠিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে স্বাক্ষর করেছেন এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধায় এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়াসহ বেশ কিছু জটিলতা পাওয়া যায়। অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্যান্য অর্গানকে বিশ্রাম দেয়ার জন্য ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয় এবং কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসনের ডায়ালাইসিস শুরু হয়।

মেডিকেল বোর্ডের দেয়া বার্তা অনুযায়ী, দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা নিয়ে কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করতে সবাইকে অনুরোধও জানানো হয়েছে ওই বার্তায়।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার শরীরে আরও কিছু জটিলতা দেখা দেয়। বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এসব কারণে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা এখনো অর্জিত হয়নি। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া-আসা করছেন। একইসঙ্গে চিকিৎসার তদারকিও করছেন তিনি।