হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

0
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলাদেশ প্রতিবেদকঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, উনি ক্রিটিক্যাল কনডিশনে আছে। আমাদের সবার দোয়ায় আল্লাহই দিলে উনি আবার ফিরে আসতে পারবে।

জাহাঙ্গীর আলম বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের অস্ত্র ফেরত দেয়া হবে। একই সঙ্গে নির্বাচনপ্রার্থীরা চাইলে ব্যক্তিগত অস্ত্র রাখার অনুমতি দেয়া হবে। নিরাপত্তা জোরদারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য যত ধরনের ব্যবস্থা নেয়া দরকার তা আমরা দেব। তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।