বাংলাদেশ প্রতিবেদক: নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে, তবে প্রতিবেশী দেশটির রাজনৈতিক বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করছে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেছেন যে, বাংলাদেশে বর্তমানে একটি পরিবর্তনশীল পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা সঠিকভাবে অনুধাবনের জন্য গভীর ও নিরপেক্ষ পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, যেকোনো দেশে গণ-আন্দোলন বা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা ঘটার ঝুঁকি থাকে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ড সেই অস্থিতিশীলতারই একটি প্রতিফলন।
হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভারত বাংলাদেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখলেও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ করছে না।
উল্লেখ্য যে, বাংলাদেশের বিক্ষোভকারীদের পক্ষ থেকে নয়াদিল্লির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের অভিযোগ, ভারত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের বিভিন্ন সদস্যকে আশ্রয় প্রদান করছে।

