ঘিরে রেখেছে পুলিশ, অবস্থানে অনড় ইনকিলাব মঞ্চ; যমুনার সামনে টানটান উত্তেজনা

0
ঘিরে রেখেছে পুলিশ, অবস্থানে অনড় ইনকিলাব মঞ্চ; যমুনার সামনে টানটান উত্তেজনা

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র সামনে ১৪৪ ধারা ও পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে এই কর্মসূচি শুরু হয়। অবস্থানে যোগ দিয়েছেন ওসমান হাদির স্ত্রীসহ পরিবারের সদস্যরাও।

রাত পৌনে ৯টার দিকে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, আন্দোলনকারীরা জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি তুলছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে ইনকিলাব মঞ্চের দাবি, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে।

রাত সোয়া ৮টার দিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, লাঠিসোঁটা নিয়ে পুলিশি প্রস্তুতির মুখেও তারা পিছু হটবেন না। পোস্টে বলা হয়, “আমাদের শেষ কথা— শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর না করা অবদি আমাদের মেরে ফেলা হলেও আমরা একচুলও নড়ব না।”

এর আগে বিকেলে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে যমুনার সামনে অবস্থান শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টায় এক বার্তায় তারা ঘোষণা দেন, আগামী এক ঘণ্টার মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো আশ্বস্ত করার মতো বার্তা না আসলে ছাত্র-জনতা শান্তিপূর্ণভাবে যমুনার সামনে অবস্থান নেবে। সেই ঘোষণার পরই সন্ধ্যা ৭টার দিকে বিপুল সংখ্যক সদস্য সেখানে জড়ো হতে থাকেন।

উল্লেখ্য, মাত্র দুদিন আগেই ডিএমপি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে যমুনা ও এর আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেই নিষেধাজ্ঞা বজায় থাকা অবস্থাতেই এই বিক্ষোভ কর্মসূচি জনমনে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করেছে।