
বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশে গণতন্ত্রের এক নবদিগন্ত উন্মোচিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পুলিশ সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সকালে পুলিশ সদর দপ্তরে পৌঁছে তিনি প্রায় এক ঘণ্টা অবস্থান করেন এবং ডিজিটাল মনিটরের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের ভোটকেন্দ্রগুলোর রিয়েল-টাইম চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। প্রধান উপদেষ্টা দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে নিরাপত্তার খুঁটিনাটি খোঁজ নেন এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
এবারের নির্বাচন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক নজরে দেখে নেওয়া যাক ভোটের মূল উপাত্তসমূহ:মোট ভোটার: ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন।
নারী ও পুরুষ সমতা: পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। (হিজড়া ভোটার ১,২৩২ জন)।
ভোটকেন্দ্র ও কক্ষ: ৪২,৭৭৯টি কেন্দ্রে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে।
অংশগ্রহণকারী দল ও প্রার্থী: রেকর্ড ৫০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট প্রার্থী ২,০২৮ জন; যার মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।
ভোট গ্রহণ সাড়ে ৭টায় শুরু হলেও কনকনে শীত উপেক্ষা করে ভোর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নতুন প্রজন্ম বা তরুণ ভোটারদের মধ্যে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগে ব্যাপক উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় দেশের বাকি ২৯৯টি আসনে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
এবারের নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর থেকে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে উচ্চ তদারকি করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকায় ভোটারদের মধ্যে বাড়তি নিরাপত্তার আশ্বাস কাজ করছে। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যেন কোনো অবস্থাতেই ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিতে না পারে।
