বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই দেশে পরীক্ষামূলক বা পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই ঘোষণা দেন।
মন্ত্রী জানান, এই কার্ডটি মূলত সর্বজনীন হবে এবং এতে কোনো বিশেষ বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটির মাধ্যমে পর্যায়ক্রমে হতদরিদ্র থেকে শুরু করে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনা হবে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই কার্ডের মেকানিজম বা কার্যপদ্ধতি নিয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রী চান অন্তত ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এর কার্যক্রম শুরু করতে। এটি চালু হওয়া নিয়ে কোনো সংশয় নেই, আমরা এখন কেবল এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাজ করছি।”
আজকের সভায় ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি এর কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। রমজান মাসের মধ্যেই এর প্রাথমিক সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।

