‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে বেইজিং: তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে প্রস্তুত চীন

0
‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে বেইজিং: তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে প্রস্তুত চীন

কূটনৈতিক প্রতিবেদকঃ বাংলাদেশের নতুন সরকারের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ (Bangladesh First) নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পূর্ণ সমর্থন জানাল চীন। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিস্তা প্রকল্প ও দ্বিপাক্ষিক সহযোগিতা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, “সরকার চাইলেই চীন তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে পারে; আমরা পুরোপুরি প্রস্তুত।” বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে গভীর ও বাস্তবসম্মত আলোচনা হয়েছে বলে তিনি জানান।

ঐতিহাসিক সম্পর্কের নতুন দিগন্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীন-বাংলাদেশ সম্পর্কের যে ভিত্তি স্থাপন করেছিলেন, তা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে আরও সুদৃঢ় হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকারের সুষ্ঠু শাসন নিশ্চিত করতে চীন তার সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশের সংহতি, স্থিতিশীলতা এবং ভূখণ্ডীয় অখণ্ডতা রক্ষায় চীন সবসময় পাশে থাকবে।

আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, “বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ বেইজিং বরদাশত করবে না।” তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শক্তিশালী ভূমিকা নিশ্চিতে চীন সর্বাত্মক সহযোগিতা করবে।