সিন্ডিকেট ও মজুতদারিতে জিম্মি ভোক্তা: ‘জাতীয়ভাবে দিবসটি পালন না হওয়া দুর্ভাগ্যজনক’

0
সিন্ডিকেট ও মজুতদারিতে জিম্মি ভোক্তা: 'জাতীয়ভাবে দিবসটি পালন না হওয়া দুর্ভাগ্যজনক'

বাংলাদেশ প্রতিবেদকঃ ভেজাল পণ্যের বিস্তার, কৃত্রিম সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও বাজার সিন্ডিকেট ভেঙে ভোক্তাদের স্বস্তি ফেরানোর দাবিতে সরব হয়েছেন নাগরিক প্রতিনিধিরা। রোববার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক র‍্যালি ও প্রতিবাদ সভায় এসব দাবি জানানো হয়।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এই সভায় বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মজুতদার কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

এ. এইচ এম সফিকুজ্জামান (ক্যাব সভাপতি) ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিশ্বব্যাপী দিবসটি গুরুত্বের সাথে পালিত হলেও বাংলাদেশে তা জাতীয়ভাবে পালন না হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। সিন্ডিকেটের কারণে বাজারে পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। সরকারকে দ্রুত এই চক্র ভাঙতে হবে।”

মহিউদ্দিন আহমেদ (বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ) বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যবসায়ীদের দিকে আঙুল তুলে বলেন, “সরকারি দলের সাইনবোর্ড ব্যবহার করে যারা বাজার নিয়ন্ত্রণ করছে, তাদের সুযোগ বন্ধ করলেই সিন্ডিকেট ভেঙে যাবে।”

বাজারের অস্থিরতা শুধু দামেই সীমাবদ্ধ নয়, বরং পণ্যের মান নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নিরাপদ খাদ্য ও পানির নিশ্চয়তার ওপর গুরুত্ব দিয়ে বলেন, উৎপাদন পর্যায় থেকেই বিষাক্ত ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কঠোর নজরদারি প্রয়োজন। অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সামছ এ খান এবং অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বাজার স্থিতিশীল রাখতে সরকারকে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি ভোক্তাদের মৌলিক অধিকার নিয়ে কংগ্রেসে ঐতিহাসিক ঘোষণা দেন। ১৯৮৩ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে নাগরিক অধিকার সংস্থা ক্যাব দীর্ঘ সময় ধরে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রাখার এবং সরকারকে বাজার তদারকিতে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদ সভাটি শেষ হয়।