
বাংলাদেশ প্রতিবেদকঃ কোরবানির পশুর হাটে এবারের সবচেয়ে বড় আকর্ষণ এবং তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অ্যালবিনো জাতের সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত খামারেই ফিরে গেছে। হাটে ও ক্রেতার বাড়িতে মহিষটিকে ঘিরে তৈরি হওয়া জনসমাগম এবং চরম বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ নজিরবিহীনভাবে এতে হস্তক্ষেপ করেন। তাঁর বিশেষ নির্দেশনায় ক্রেতাকে পুরো টাকা ফেরত দিয়ে মহিষটিকে পুনরায় নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
আজ বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এই নাটকীয় সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের কৌতূহল এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা জননিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। তিনি বলেন “আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষটি ক্রেতার কাছ থেকে যথাযথ মূল্যে ক্রয় করে আপতত রক্ষণাবেক্ষণের জন্য পূর্বের খামারির কাছেই রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এটিকে কোনো দর্শনীয় খামার বা জাতীয় চিড়িয়াখানায় স্থায়ীভাবে স্থানান্তর করা হবে।”
প্রশাসন সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের এক শৌখিন ক্রেতা মহিষটি কিনে নেওয়ার পর সেখানে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে উদ্যোগী হন। ক্রেতাকে পশুর সম্পূর্ণ মূল্য বুঝিয়ে দিয়ে মহিষটির মালিকানা ও নিরাপত্তা নিশ্চিত করে প্রশাসন।
নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া এগ্রো ফার্ম’-এ লালন-পালন হওয়া এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি। তবে এর বিশালাকৃতির চেয়েও মানুষকে বেশি আকর্ষণ করেছে এর বিরল শারীরিক বৈশিষ্ট্য।
মহিষটি মূলত ‘অ্যালবিনো’ বা ধবল জাতের। পিগমেন্টেশনের অভাবে এর পুরো শরীর শ্বেতশুভ্র। সাদা ধবধবে লোম এবং মাথার ওপরের চুলের বিশেষ স্টাইলটি অবিকল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাবসুলভ হেয়ারস্টাইলের সাথে মিলে যায়। আর এই অদ্ভুত সাদৃশ্যের কারণেই খামারিরা শখ করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কোরবানির ঈদের আগে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ কেবল এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে একনজর দেখতে খামারে ও হাটে ভিড় জমান।
দেশীয় মূলধারার গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও বাংলাদেশের এই অদ্ভুত ও কৌতূহলোদ্দীপক ঘটনাটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই মহিষটি শেষ পর্যন্ত কোরবানি হওয়া থেকে বেঁচে গেল এবং তার নতুন ঠিকানা হতে যাচ্ছে রাষ্ট্রীয় কোনো বিনোদন কেন্দ্র। আপাতত কড়া নজরদারিতে নারায়ণগঞ্জের চিরচেনা রাবেয়া এগ্রো ফার্মেই পুনর্বাসন করা হয়েছে এই ‘সেলিব্রেটি’ মহিষটিকে।
