দলের নামে অনিয়ম করলে কাউকে ছাড় নয়, পুশ-ইন সার্বভৌমত্বের জন্য হুমকি: রুহুল কবির রিজভী

0
দলের নামে অনিয়ম করলে কাউকে ছাড় নয়, পুশ-ইন সার্বভৌমত্বের জন্য হুমকি: রুহুল কবির রিজভী

বাংলাদেশ প্রতিবেদকঃ বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং দলের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার (২৭ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত সংকট এবং ঈদ-পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে সরকারের অবস্থান ও ভাবনা তুলে ধরেন তিনি।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের সাম্প্রতিক ঘটনাগুলোকে অত্যন্ত ‘ন্যক্কারজনক’ বলে আখ্যায়িত করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন “সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইনের ঘটনা আমাদের জাতীয় সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি। এর পেছনে ভারতের কোনো গোপন এজেন্ডা রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের উদ্রেক হয়েছে। এ ধরনের আচরণ কখনোই দুটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে সৎ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হতে পারে না।”

এই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কঠোর ও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান, এবার ঈদে প্রায় ৯৫ শতাংশ পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা হয়েছে। সরকারের নিবিড় নজরদারি ও সার্বিক সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে দাবি করে তিনি বলেন, সরকারের এমন ইতিবাচক অর্জনকে কোনোভাবেই কালিমালিপ্ত করা যাবে না।

এদিকে, রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির গরুর হাট বসানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে রিজভী স্পষ্ট করে বলেন, “মেট্রোরেলের নিচে গরুর হাট বসানোর ঘটনাটি সাময়িকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তবে প্রশাসন ও সিটি করপোরেশন ইতিমধ্যেই এর বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিয়ে রাস্তা দখলমুক্ত করেছে।”

সংবাদ সম্মেলনের শেষভাগে গতকাল ভোরে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (NICU) ছয় নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি আশ্বস্ত করে বলেন, এই বেদনাদায়ক দুর্ঘটনার পেছনে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো অবহেলা, কারিগরি ত্রুটি বা চিকিৎসাজনিত গাফিলতি ছিল কি না, তা সরকার অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।