‘ডোনাল্ড ট্রাম্প’ রাজকীয় ব্যাবস্থায় মিরপুর চিড়িয়াখানায় 

0
 ‘ডোনাল্ড ট্রাম্প’ রাজকীয় ব্যাবস্থায় মিরপুর চিড়িয়াখানায় 

বিশেষজ্ঞদের চমকে দেওয়া বিরল ‘অ্যালবিনো’ এখন জাতীয় সম্পদ; ক্রেতা মনিরুজ্জামানকে দেওয়া হলো বিকল্প কোরবানি ও ন্যায্য মূল্য

বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশের প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্যের ইতিহাসে যুক্ত হলো এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর অধ্যায়। দেশীয় গণমাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ার নজর কাড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত সেই বিরল প্রজাতির গোলাপি মহিষটিকে অবশেষে আনা হয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।

বৃহস্পতিবার (২৮ মে) কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাণী বিশেষজ্ঞদের মতে, মহিষটির এই অদ্ভুত ও নজরকাড়া রূপের পেছনে রয়েছে এক বৈজ্ঞানিক বিস্ময়। মহিষটির শরীরে মূলত ‘মেলানিন’ নামক রঞ্জক পদার্থের চরম স্বল্পতা রয়েছে, বিজ্ঞানের ভাষায় যাকে ‘অ্যালবিনো’ বলা হয়। বিশ্বজুড়ে প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটি মহিষ এমন অলৌকিক ও ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে। ফলে এই গোলাপি বর্ণের মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিজ্ঞানী ও গবেষকদের মাঝেও তুমুল আগ্রহ তৈরি হয়েছে।

বিষয়টি দেশের সরকারপ্রধানের দৃষ্টিগোচর করা হলে তিনি তাৎক্ষণিক ও দূরদর্শী পদক্ষেপ নেন। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান “বিরল এই মহিষটির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি এই বিরল প্রাণীটি সংরক্ষণের উদ্যোগকে অত্যন্ত গুরুত্ব-সহকারে দেখার নির্দেশনা দিয়েছেন। সেই সাথে দেশের জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ শুধু অর্থনৈতিক উন্নয়নের দিকেই হাঁটছে না, বরং পরিবেশ, প্রাণিসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সমান গুরুত্ব দিচ্ছে। আমাদের লক্ষ্য—মানুষ, প্রকৃতি ও প্রাণিসম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়া।”

কোরবানির হাট থেকে এই বিরল প্রাণীটি সংরক্ষণের জন্য সরকার বিশেষ উদ্যোগ নেয়। মহিষটির ক্রেতা মনিরুজ্জামান যেন কোনোভাবেই আর্থিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য তাকে পশুর সম্পূর্ণ ন্যায্য মূল্য পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে তার কোরবানির জন্য সরকারের পক্ষ থেকে একটি বিকল্প চমৎকার গরুরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এই বিশেষ অতিথির জন্য নেওয়া হয়েছে রাজকীয় ব্যবস্থা। ‘ডোনাল্ড ট্রাম্প’-এর রাজকীয় বসবাসের জন্য ইতিমধ্যেই একটি বিশালাকৃতির বিশেষ শেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া প্রাণীটির সার্বক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা, ডায়েট চার্ট এবং নিবিড় পরিচর্যা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরকে জরুরি ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আশা করছে, এই গোলাপি মহিষটি শুধু মিরপুর চিড়িয়াখানার সৌন্দর্য ও দর্শনার্থীদের আকর্ষণই বাড়াবে না, বরং ভবিষ্যৎ প্রাণিবিজ্ঞান গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এক মাইলফলক হয়ে থাকবে।