বাংলাদেশ প্রতিবেদকঃ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
পদত্যাগপত্রের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের দৈনন্দিন ও গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ সুচারুভাবে পরিচালনা করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছিল।
পদত্যাগপত্রে বিদায়ী এই মন্ত্রী উল্লেখ করেন “বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের যে গতিশীলতা রয়েছে, তা বজায় রাখার স্বার্থে এই মুহূর্তে আমার মন্ত্রী পদে বহাল থাকা সমীচীন হবে না। তাই মন্ত্রণালয়ের কাজের স্বার্থেই আমি পদ থেকে অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছি।”
তিনি আশা প্রকাশ করেন, সরকারের উন্নয়নযাত্রা নির্বিঘ্ন ও বেগবান রাখতে প্রধানমন্ত্রী দ্রুতই এই বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবেন।
দীপেন দেওয়ানের এই আকস্মিক পদত্যাগের আবেদন জমা পড়ার পর এখন সরকারের উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী কাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।

