বাজেট অধিবেশনের শুরুতেই শোকের আবহ: তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর প্রয়াণে সংসদের শ্রদ্ধা

0
বাজেট অধিবেশনের শুরুতেই শোকের আবহ: তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর প্রয়াণে সংসদের শ্রদ্ধা

সংসদ প্রতিবেদক: চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের প্রথম বাজেট তথা ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে এক হৃদয়বিদারক ও শোকাবহ আবহের মধ্য দিয়ে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে এই ঐতিহাসিক অধিবেশনের সূচনা ঘটে।

সংসদের চিরাচরিত রীতি মেনে অধিবেশনের প্রথম কার্যদিবসের শুরুতেই ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মহানায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব উত্থাপন ও সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।

প্রয়াত রাজণীতিবিদদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাবের নামগুলো সংসদে পাঠ করেন। শোকের তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন:

সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান নেতা: তোফায়েল আহমেদ (ভোলা-১) এবং ব্যারিস্টার শফিক আহমেদ (সাবেক টেকনোক্রেট মন্ত্রী)।

বিএনপির সাবেক মন্ত্রী-এমপি: অধ্যাপক এম এ মান্নান (গাজীপুর-২), জি এম ফজলুল হক, দেওয়ান শামসুল আবেদীন ও মিজানুর রহমান সিনহা (মুন্সিগঞ্জ-২)।

জাতীয় পার্টির সাবেক এমপি ও মন্ত্রী: সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক ও গোলাম সারোয়ার মিলন।

অন্যান্য সাবেক সংসদ সদস্য: বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), মো. দবিরুল ইসলাম (ঠাকুরগাঁও-২), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন (মৌলভীবাজার-২), এ কে এম রহমত উল্লাহ (ঢাকা-১১), এ বি এম আনোয়ারুল হক (মানিকগঞ্জ-১), বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা এবং মোসলেম উদ্দিন (ময়মনসিংহ-৪)।

সংসদে সাবেক সংসদ সদস্যদের পাশাপাশি দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমের একঝাঁক নক্ষত্রের প্রয়াণেও শোক প্রকাশ করা হয়। বিশেষ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে সংসদ গভীর সমবেদনা জানায়।

এ ছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, প্রখ্যাত কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, লোকসংগীতের কিংবদন্তি মুস্তাফা জামান আব্বাসী, বরেণ্য লেখক বদরুদ্দীন উমর, নজরুল সংগীত শিল্পী ডালিয়া নওশীন, সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়।

শোক প্রস্তাবের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে পুরো সংসদ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। এরপর সরকারি দলের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সংসদের প্রথম দিনের শোক পর্বের সমাপ্তি ঘটে। নিয়মানুযায়ী এই শোক প্রস্তাবের অনুলিপি প্রয়াতদের শোকসন্তপ্ত পরিবারের কাছে পাঠানো হবে।