
বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মৌচাকে একটি সালিশি বৈঠক চলাকালীন প্রকাশ্য ছুরিকাঘাতে খুন হয়েছেন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। এই হত্যাকাণ্ডের অভিযোগে রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে রমনা থানা যুবদলের পুরো কমিটি।
সোমবার (৮ জুন) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দফতরের দায়িত্বে) নুরুল ইসলামের সই করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
নিহত বিল্লাল হোসেনের ভাগিনা মো. মোবারক হোসেন আকাশ জানান, ঘটনার শুরু সোমবার সন্ধ্যায় মৌচাকের আনারকলি মার্কেটের সামনে। সেখানে স্থানীয় কয়েকজন যুবক আকাশকে প্রথমে মারধর করে। মারধরের শিকার হয়ে আকাশ তার মামা ও স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে বিষয়টি জানান এবং ঘটনাস্থলে ডেকে আনেন।
পরবর্তীতে রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনাটি মীমাংসা করার জন্য একটি সালিশি বৈঠক বসে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, সালিশি বৈঠক চলাকালীন রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক লুৎফরের সঙ্গে বিল্লাল হোসেনের তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লাল হোসেনের ওপর চড়াও হয় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় বিল্লালকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, “চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণার পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি সংশ্লিষ্ট রমনা থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”
হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত যুবদল নেতা দিদারুল ইসলাম বাবু ও তার অনুসারীরা পলাতক রয়েছে। এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
