বাংলাদেশ প্রতিবেদকঃ সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপরই নিজের সবচেয়ে বড় নির্ভরতার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিরাপত্তার কঠোর বলয় যেন সরকার প্রধানকে সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসএসএফ-এর চার দশকের যাত্রার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, “এই বাহিনীর প্রতিষ্ঠার সময়ের চেয়ে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সমকালীন আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অভাবনীয় বিপ্লবের ফলে নিরাপত্তা ঝুঁকি এখন বহুমাত্রিক ও অত্যন্ত জটিল রূপ নিয়েছে।” তিনি স্পষ্ট করে বলেন, একটি বিশেষায়িত ও চৌকস বাহিনী হিসেবে সাহস, রণকৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তির দিক থেকে এসএসএফ-এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।
তরুণ বয়স থেকেই এই বাহিনীর কার্যক্রমের সঙ্গে নিজের পরিচিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনকাল থেকেই তিনি এসএসএফ-এর কর্মকাণ্ড খুব কাছ থেকে দেখেছেন। তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন “বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম নামাজে জানাজা অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রধান সমন্বয়ক হিসেবে এসএসএফ ঐতিহাসিক ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।”
গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দেশের প্রত্যন্ত অঞ্চলে নিয়মিত যাতায়াত এবং জনসভার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জনাকীর্ণ কর্মসূচিতে নিরাপত্তা বিধান করা অত্যন্ত দুরূহ। তবে একদিকে ভিভিআইপিদের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে সাধারণ নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য বজায় রাখা—এই দুইয়ের মধ্যে নিখুঁত ভারসাম্য রেখেই এসএসএফ-কে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হবে।
প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়ে বলেন “ভিভিআইপিদের নিরাপত্তাকে অবশ্যই সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণ জনগণ যেন কোনোভাবেই দুর্ব্যবহার বা হয়রানির শিকার না হয়, সে দিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএসএফ-এর নবনির্মিত একটি অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এর মহড়া প্রত্যক্ষ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই আধুনিক স্থাপনা বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করবে।
বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি প্রতিটি সদস্যের ব্যক্তিগত সততা, চেইন অব কমান্ড, দেশপ্রেম এবং সর্বোচ্চ নিয়মানুবর্তিতা বজায় রাখা অপরিহার্য। যেহেতু এই বাহিনীর দক্ষতার সঙ্গে দেশের জাতীয় ভাবমূর্তি জড়িত, তাই দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সমন্বয় নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী, সামরিক ও বেসামরিক আমলারা এবং এসএসএফ-এর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

