
কূটনৈতিক প্রতিবেদকঃ বাংলাদেশের উত্তর জনপদের ভাগ্যবদল ও নদী ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ঢাকা-বেইজিং সম্পর্ক। বেইজিংয়ের ঐতিহ্যবাহী দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং-এর সঙ্গে এক হাই-ভোল্টেজ বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই বৈঠক থেকেই বাংলাদেশের দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত ‘তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প’সহ সামগ্রিক জলসম্পদ উন্নয়নে চীনের সর্বাত্মক ও ঐতিহাসিক কারিগরি সহযোগিতার ঘোষণা এসেছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় সকাল ১০টায়) এই অত্যন্ত ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বেইজিং বৈঠক থেকে ৫টি বড় সুখবর: তিস্তা মহাপরিকল্পনা ও নদী ব্যবস্থাপনায় চীন সর্বাধুনিক কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে। দেশের চলমান নদী খনন, সেচ আধুনিকায়ন এবং স্থায়ীভাবে নদীভাঙন রোধে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে। বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং প্রকৌশলীদের জলসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক প্রশিক্ষণ দিতে বেইজিংয়ে আমন্ত্রণ জানিয়েছে চীন। ২০০৫ সালের চুক্তি ও ২০২৫ সালের চীনা বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের সূত্র ধরে এই সম্পর্ককে আরও বাস্তবভিত্তিক করার ঘোষণা। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের নাব্য ও নেভিগেশন ব্যবস্থার উন্নয়নে প্রযুক্তি দেবে চীন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং সেচ ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকারের মাস্টারপ্ল্যান তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর দূরদর্শী প্রস্তাবের জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং বলেন, “বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ বাস্তবভিত্তিক এবং গবেষণানির্ভর। পানি ব্যবস্থাপনায় চীন আজ যে উচ্চতায় পৌঁছেছে, সেই সফল অভিজ্ঞতা আমরা বাংলাদেশের সাথে শেয়ার করতে সম্পূর্ণ প্রস্তুত।”
বৈঠকের শেষলগ্নে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বিশেষ ও মূল্যবান বই উপহার দেন চীনা মন্ত্রী।
বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই নীতি-নির্ধারণী বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন একঝাঁক শীর্ষ মন্ত্রী ও উচ্চপর্যায়ের উপদেষ্টা দল, জহির উদ্দীন স্বপন (তথ্য ও সম্প্রচারমন্ত্রী), শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (পানিসম্পদমন্ত্রী), ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর (প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা), হুমায়ুন কবির (প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা), মাহদী আমিন (শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা), আতিকুর রহমান রুমন (প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব)
কূটনৈতিক ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বেইজিং বৈঠকটি বাংলাদেশের নদী শাসন, বন্যা নিয়ন্ত্রণ এবং বিশেষ করে উত্তরবঙ্গের অর্থনৈতিক পুনরুজ্জীবনে একটি গেম-চেঞ্জার বা যুগান্তকারী মোড় হিসেবে প্রমাণিত হতে যাচ্ছে।
