গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ: এলজিআরডি মন্ত্রী

0
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ: এলজিআরডি মন্ত্রী

জাতীয় সংলাপে ডেপুটি স্পিকারের গুম-সংক্রান্ত সংসদীয় কমিটি গঠনের আশা প্রকাশ

বাংলাদেশ প্রতিবেদকঃ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বাজেটেই যেন এই ভাতার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায়, সে লক্ষ্যে সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক এই সংলাপটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সংহতি প্রকাশ করে বলেন “গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান থাকবে। সব লড়াই-সংগ্রামে সরকার সর্বদা আপনাদের পাশে থাকবে।”

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ভুক্তভোগীদের সান্ত্বনা দিয়ে বলেন, “এখন আর কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের এবং ন্যায়বিচার পাওয়ার।” মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর জোর দেওয়ার পাশাপাশি, গুমের মতো জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত ও প্রতিকারে একটি ‘সংসদীয় কমিটি’ গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় এই সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার হওয়া অসংখ্য ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। দীর্ঘদিনের জমাট বাঁধা ক্ষোভ, স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ আর আর্তনাদে কেআইবি মিলনায়তনের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। ভুক্তভোগী পরিবারগুলো রাষ্ট্রের কাছে অনতিবিলম্বে ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাহসিনা রুশদীর লুনা সংসদ সদস্য এবং গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী। সানজিদা ইসলাম তুলি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমেনের বোন। মো. আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

এছাড়াও মানবাধিকার কর্মী, আইনজীবী ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সংলাপে অংশ নিয়ে গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের অধিকার দ্রুত বাস্তবায়নের দাবি জানান।